জ্বালানির দাম বাড়ায় কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

জ্বালানির দাম বাড়ায় কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া
জ্বালানির দাম বাড়ায় কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা ও শহরের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাবে ভাড়া ২০ পয়সা বাড়ানোর সুযোগ থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়বে ১৭ পয়সা।

তিনি জানান, মেট্রোপলিটন ও জেলা—সব ধরনের রুটেই এই হারে ভাড়া সমন্বয় করা হবে। বাস মালিকরা বিআরটিএর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সমঝোতায় যাবেন। নতুন ভাড়ার প্রজ্ঞাপন মঙ্গলবারই জারি হতে পারে বলেও জানান তিনি।

শিমুল বিশ্বাস আরও বলেন, ভাড়া সামান্য বাড়লেও তা যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই কোনো পরিবহন মালিক অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মালিক সমিতি ও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা সমন্বয় করা হয়েছিল।

সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা।

এদিকে দূরপাল্লার বিভিন্ন রুটে আসন কমিয়ে ৪০ বা তার কম আসনের নন-এসি বাস পরিচালনা করা হচ্ছে। এসব বাসে নির্ধারিত ভাড়ার পাশাপাশি সড়ক ও সেতুর টোলও যুক্ত হয়। নতুন করে ১৭ পয়সা ভাড়া সমন্বয়ের পর এসব পরিবহনের ভাড়াও পুনর্নির্ধারণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।