জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ এবং দায়িত্ব বণ্টনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)ভুক্ত অনুমোদিত ও প্রস্তাবিত নতুন প্রকল্পের অনুমোদন ও পর্যালোচনা সংক্রান্ত সভায় এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।
ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার এবং সচল রাখার ওপর গুরুত্ব দেন মীর শাহে আলম। একই সঙ্গে সুয়ারেজ ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধিত পানি নদীতে ছাড়ার ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকারের পরিকল্পনা এবং নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকতে হবে। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
একই ধরনের প্রকল্পগুলোকে ক্লাস্টারভিত্তিকভাবে সমন্বয় করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে প্রকল্পের পুনরাবৃত্তি ও পারস্পরিক ওভারল্যাপ কমবে। ফলে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি প্রকল্পগুলোর কার্যকারিতাও বাড়ানো সম্ভব হবে।
জোনায়েদ আব্দুর রহিম সাকি আরও বলেন, কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল লক্ষ্য অর্জনে প্রয়োজন হলে সম্পূরক প্রকল্প নেওয়া যেতে পারে। তবে প্রতিটি প্রকল্পের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করতে হবে।
জনস্বার্থসংশ্লিষ্ট কাজ দ্রুত শেষ করতে প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরিধি পুনর্নির্ধারণ, রি-স্কোপিং ও মার্জারের বিষয়েও গুরুত্ব দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. বাবুল মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান এবং ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারাও সভায় অংশ নেন।





