মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল মালোপাড়া এলাকায় শুক্রবার সকালে গড়াই নদীর উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
পুলিশের ধারণা, কয়েকদিন আগে ওই যুবককে কে বা কারা হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। গড়াই নদীতে দীর্ঘ সময় মরদেহটি ভেসে থাকায় তার শরীরের অধিকাংশ পচে গলে গেছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবর রহমান জানান, উপজেলার মাঝাইল মালোপাড়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ গড়াই নদীতে ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুুরতহাল সম্পন্ন করে মরদেহটি মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যুবকের পরিচয় পাওয়ার চেষ্টা করছে বলে জানায় পুলিশ।