ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন শুরুর বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
গঙ্গা চুক্তি নবায়নে বিশেষজ্ঞ টিম
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন একটি দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ড. খলিলুর রহমান।
তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে এবং দেশটির জবাবের অপেক্ষায় রয়েছে সরকার।
আরও পড়ুনঃ জনগণের প্রশ্ন, জনগণের উত্তর: ঢাকা-১৩ আসনে ৪র্থ টাউন হল সভা ২৯ আগস্ট
তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন
তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়েও সরকারের কার্যক্রম এগিয়ে চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, চীনের সঙ্গে তিস্তা প্রকল্পের টেকনিক্যাল ইভালুয়েশন বা কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বিচারপতি হাবিবুল গনি আপিল বিভাগে নিয়োগ
অচিরেই মূল্যায়ন কার্যক্রম শেষ করে পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু ও নদীর স্বাভাবিক পানিপ্রবাহের বিষয়টি বিবেচনায় রেখে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের নদীর পানির অধিকার রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি আরও জানান, অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত থাকবে।




