ঢাকা-১৩ আসনের নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও স্থানীয় সমস্যা নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে ৪র্থ টাউন হল সভা। ঢাকার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এ উন্মুক্ত নাগরিক সভার আয়োজন করা হয়েছে।
‘জনগণের প্রশ্ন, জনগণের উত্তর—ধারাবাহিক জবাবদিহিতার ৪র্থ পর্ব’ শীর্ষক এ সভায় ঢাকা-১৩ আসনের বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা, অভিযোগ, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন। সভায় নাগরিকদের প্রশ্ন শুনবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
টাউন হল সভা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় জনগণের কাছে যাওয়া নয়; নিয়মিত তাঁদের কাছে জবাবদিহি করা এবং সমস্যা সমাধানে পাশে থাকাই জনপ্রতিনিধিত্বের মূল দায়িত্ব। নাগরিকদের কথা সরাসরি শুনে তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।
আরও পড়ুনঃ বিচারপতি হাবিবুল গনি আপিল বিভাগে নিয়োগ
তিনি বলেন, শুধু সমস্যা শুনে রাখাই এ সভার উদ্দেশ্য নয়। কোন সমস্যার সমাধান কীভাবে এবং কত দ্রুত করা সম্ভব, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তার বাস্তবসম্মত পথ বের করা হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
সভায় ঢাকা-১৩ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, মাদক, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধ, সড়ক ও অবকাঠামো, বিদ্যুৎ, পানি, গ্যাস এবং অগ্নিনিরাপত্তাসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (DPDC), ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও পড়ুনঃ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার অনড়: পররাষ্ট্রমন্ত্রী
ববি হাজ্জাজ বলেন, জবাবদিহিতা কোনো একদিনের বিষয় নয়। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাঁদের কথা শোনা এবং প্রতিটি সমস্যার সমাধানের অগ্রগতি সম্পর্কে তাঁদের অবহিত করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। টাউন হল সভা সেই ধারাবাহিকতারই অংশ।
ঢাকা-১৩ আসনে ধারাবাহিকভাবে টাউন হল সভার আয়োজনের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।



