× Banner
সর্বশেষ
সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রতিবন্ধকতা জয় করে ঢাবিতে পড়ার স্বপ্ন পুষ্পিতা-ফারুকের

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
প্রতিবন্ধকতা জয় করে ঢাবিতে পড়ার স্বপ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে হুইল চেয়ারে বসে পরীক্ষা দিয়েছেন টাঙ্গাইলের পুষ্পিতা চৌধুরী নামে এক প্রতিবন্ধী শিক্ষার্থী। আর শেরপুর থেকে পরীক্ষা দিতে এসেছিলেন ফারুক আলম সিদ্দিকী নামে আরেক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী। দুজনেই স্বপ্ন দেখেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার।

শনিবার (১১ জুন) বাকৃবি কেন্দ্রে ঢাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করেন।

জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থী পুষ্পিতা টাঙ্গাইলের সরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজে মানবিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এর আগে মাধ্যমিক পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছেন তিনি। তার বাবা তুষার কান্তি চৌধুরী আশা করেন তার মেয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করার সুযোগ পাবে।

পুষ্পিতা বলেন, পরীক্ষার কক্ষে শিক্ষকরা অনেক সহযোগিতা করেছেন। গত ৪ তারিখেও ‘খ’ ইউনিটের পরীক্ষা দিতে বাকৃবি কেন্দ্রে এসেছিলাম। শিক্ষকদের আন্তরিকতায় পরীক্ষা দিতে কোনো সমস্যা হয়নি। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।

শেরপুর থেকে আগত ভর্তিচ্ছু আরেক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী ফারুক আলম সিদ্দিকী। নিজে লিখতে পারেন না, তাই কলেজ পড়ুয়া ছোট ভাইকে এনেছিলেন সঙ্গে। তিনি ২০২১ সালে শেরপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবার ব্যাপারেও আশাবাদী তিনি।

ফারুক আলম বলেন, পরীক্ষা খুব ভালো হয়েছে। পরীক্ষার হলে শিক্ষকরা খুবই আন্তরিক ছিলেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিজে লিখতে পারি না। তবুও থেমে থাকতে চাই না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় বাকৃবির বিভিন্ন অনুষদীয় কক্ষে অনুষ্ঠিত মোট ৪ হাজার ১২১ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ হাজার ৮১০ জন শিক্ষার্থী। কেন্দ্রে উপস্থিতির হার ছিল  ৯২ দশমিক ৪৫ শতাংশ।

পরীক্ষার সময় হল পরিদর্শন করেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাসহ ঢাবির প্রতিনিধি দল।

হল পরিদর্শন শেষে পরীক্ষার সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আজ চতুর্থ দিনের মতো ঢাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রতিনিধি দলটি এসেছেন তারা ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি মাসের ১৭ তারিখে বাকৃবিতে অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..