প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা, বাস্তব জ্ঞান এবং জীবনদক্ষতা বৃদ্ধিতে জাতীয় শিক্ষাক্রমে বছরজুড়ে ১২টি জীবনঘনিষ্ঠ বিষয় বা থিমকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে হেইলিবেরি ভালুকা ও ক্যামব্রিজের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা কেবল পাঠ্যপুস্তকের পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে দৈনন্দিন জীবনের নানা ঝুঁকি ও পরিস্থিতিতে নিজেদের সামলানোর বাস্তব দক্ষতা শিখুক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রূপরেখা অনুযায়ী প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ও আনন্দময় শিখন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার।”

নতুন কারিকুলাম সংস্কারের কাঠামোগত বিষয় তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, “১২ মাসের জন্য নির্ধারিত ১২টি ভিন্ন থিমকে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সাথে যুক্ত করা হবে।

যেমন— কোনো মাসে যদি ‘অগ্নিনিরাপত্তা’ থিম নির্ধারিত থাকে, তবে ওই মাসের গণিত, ভাষা ও বিজ্ঞানের ক্লাসেও অগ্নিনিরাপত্তা সম্পর্কিত উদাহরণ ও আলোচনা অন্তর্ভুক্ত থাকবে। একইভাবে সড়ক নিরাপত্তা, সাঁতার ও পানিতে নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।”

শিক্ষাপ্রতিষ্ঠানের মানদণ্ড ও সুরক্ষা নিশ্চিতকরণে তিনি আরও উল্লেখ করেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি ন্যূনতম মানদণ্ড ও নিরাপত্তা নীতিমালা তৈরিতে কাজ চলছে।

তবে মানসম্মত সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সরকারের ভূমিকা কেবল নিয়ন্ত্রক হিসেবে নয়, বরং সহযোগী ও অংশীদার হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ শিক্ষা ক্ষেত্রের শীর্ষ বিশেষজ্ঞ, শিক্ষক ও নীতি-নির্ধারকেরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।