মান্দায় শিশু হাসপাতাল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

মান্দায় শিশু হাসপাতাল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
মান্দায় শিশু হাসপাতাল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
নওগাঁর মান্দা উপজেলার সার্বিক চিকিৎসাব্যবস্থা ও শিশুকালীন স্বাস্থ্যসেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা পর্যায়ে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল স্থাপনের লক্ষ্যে তাঁর পেশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিষয়টির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠিতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে মান্দা উপজেলায় এই হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইপূর্বক দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে এই উদ্যোগের অগ্রগতি প্রতিবেদন নিয়মিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরসমূহেও চিঠির অনুলিপি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, মান্দা একটি ঘনবসতিপূর্ণ উপজেলা হলেও এখানে শিশুদের জন্য পৃথক কোনো সমন্বিত বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নেই।
বর্তমানে শিশুদের জটিল ও জরুরি চিকিৎসার জন্য উপজেলাবাসীকে জেলা শহর নওগাঁ কিংবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভর করতে হয়। ফলে দূর-দূরান্তের যাতায়াত, বাড়তি খরচ এবং কালক্ষেপণের কারণে প্রায়ই প্রান্তিক পরিবারের শিশুরা সময়মতো সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়।
মান্দায় শিশু হাসপাতালটি বাস্তবায়িত হলে উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার শিশুদের উন্নত ও নিবিড় চিকিৎসাসেবা হাতের নাগালেই নিশ্চিত হবে।
জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য হওয়ার পাশাপাশি এটি অত্র অঞ্চলের শিশু মৃত্যুর হার কমাতে এবং স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন এলাকাবাসী ও সচেতন মহল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।