বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরব ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক জ্বালানি ফোরামের (ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম-১৭) ফাঁকে গতকাল এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল-কাহতানি, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে আলোচনা করেন তিনি। এ ছাড়া এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে. সেরহানের সঙ্গেও বৈঠক করেন প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধিদল ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা
সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি এ ধরনের হামলার নিন্দা জানান।
এ সময় সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশের বিষয়টি উল্লেখ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো শোকবার্তা সম্পর্কে সৌদি প্রতিনিধিকে অবহিত করেন তিনি। হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতাও কামনা করেন।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। জবাবে সৌদি প্রতিনিধি বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সৌদি সরকারের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে চলমান সহযোগিতা আরও জোরদার করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় এবং একটি সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন অনিন্দ্য ইসলাম অমিত।
এ ছাড়া দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ এবং সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
কাতারের সঙ্গে এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা
কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বর্তমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।
কাতার এনার্জির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহ এবং সরবরাহের উৎস ও রুট বহুমুখী করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহ এসিডব্লিউএ পাওয়ারের
দিনের আরেকটি বৈঠকে এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে. সেরহানের সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানায় এসিডব্লিউএ পাওয়ার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।





