মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে অতর্কিত হামলায় নিহত বৃদ্ধ এছাহাক সরদার (৭৫) হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে পৌরসভার উত্তর জনারজন্দি এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে নিহতের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মামলার বিবরণে জানা যায়,কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের এছাহাক সরদারের সাথে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ২২ আগস্ট রাতে দোকান থেকে ফেরার পথে ঝালু মোল্লা, তুহিন মোল্লা,পারভেজ মোল্লাসহ বেশ কয়েকজন তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে দেয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর ঢাকা পঙ্গু হাসপাতালে তিনি মারা যান।
ঘটনার পর নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামি তুহিন মোল্লাকে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,নিহত ইসহাক সরদারের বড় মেয়ে ফাহিমা বেগম,ছোট মেয়ে নাহিদা আক্তার, ভাতিজা আলাউদ্দিন সরদার, মামাতো বোন জেসমিন রহমান,ভাতিজা আনোয়ার হোসেন,ভাতিজা রাসেল সরদারসহ অনেকে। এলাকাবাসী বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, মামলার প্রধান আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।





