স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাপ্তরিক সভা অনুষ্ঠিত হল। করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে দাপ্তরিক কাজ স্বাভাবিক রাখার স্বার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: রেজাউল আহসানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এই অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে অত্র বিভাগের সচিব মো: রেজাউল আহসান বলেন, করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে জনসমাগম এড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে অত্র বিভাগের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে, বাঁচবে সময়। দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে বিভাগের অধীন অধিদপ্তরগুলোর সঙ্গে আরো একাধিক জরুরি মিটিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রযুক্তি ব্যবহারে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা দেশের ডিজিটাল অগ্রগতির এটি একটি উদাহরণ। বর্তমানে ই-ফাইলিং এর মাধ্যমে প্রতিকূল পরিবেশেও অত্র বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান আছে।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রণোদনা প্রদানের লক্ষ্যে বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেছি।
অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ তাঁদের দপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গৃহীত কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে সচিবকে অবহিত করেন।
এ সময় সচিব বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে সুরক্ষিত রেখে সীমিত আকারে সকল জেলা ও উপজেলা অফিসের কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
অনলাইন মিটিংয়ে অংশগ্রহন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু , সমবায় অধিদপ্তর এর নিবন্ধক ও মহাপরিচালক মো: আমিনুল ইসলাম, আমার বাড়ি আমার খামার এর প্রকল্প পরিচালক আকবর হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর মহাপরিচালক মো.শাহজাহান, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার মহাপরিচালক মো. আমিনুল ইসলাম বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর মহাপরিচালক, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক সহ অন্যান্য দপ্তর সংস্থার প্রধান এবং অত্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




