বাংলাদেশে নতুন করে মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। আরও একজনের মৃত্যু নিয়ে এই ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জনে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য নিশ্চিত করেন।
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সরকারগুলোর নানা পদক্ষেপেও থামানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার রিপোর্টটি লেখা অবধি এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৭৩১ জন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৪ হাজার ৯৩ জন। আশার কথা হলো ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লাখ ৩০ হাজার ২৬৬ জন।
ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে এখন অব্দি আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯২৭ জন এবং মারা গেছেন ১৪ হাজার ৭৮৮ জন। অন্যদিকে আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২২০ জন। এছাড়া সেখানে মারা গেছেন ১৪ হাজার ৭৯২ জন। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন এবং প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৬৬৯ জন।



