নিউজ ডেস্ক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাটে জাতীয় সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি দিয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৬ বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায় যে, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনাসূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ,২০২৬ রাত ১০ টার দিকে গাজী নজরুল ইসলামের নামে বরাদ্দকৃত ৫ নম্বর ন্যাম ভবনের ২য় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে পুলিশ গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে।
যে কক্ষে মরিয়মের লাশ পাওয়া গেছে, তার পাশের কক্ষে গাজী নজরুল ইসলাম অবস্থান করছিলেন বলে পুলিশ উল্লেখ করেন। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি চিরকুট উদ্ধার করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে এমপি গাজী নজরুল ইলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী বলে তিনি জানান।
জাতীয় সংসদের সদস্যদের বাস ভবন ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপির স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংসদ সদস্যসের ফ্ল্যাটে স্ত্রীর এই রহস্যজনক মৃত্যুর ঘটনা একদিকে যেমন মহান জাতীয় সংসদের ভাবমূর্তি ক্ষুন্ন করে, তেমনি নিজ আবাসস্থলে নারীর নিরাপত্তা এবং জনপ্রতিনিধি হিসেবে জনগনের প্রতি দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে।
বাংলাদেশ মহিলা পরিষদ ন্যাম ভবনের ফ্ল্যাটে জাতীয় সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ চায়, ঘরে,বাইরে, কর্মস্থলে সকল নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণসহ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির অবসান হোক। বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছে।



