জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ পরিকল্পনায় আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে যাচ্ছে। নতুন করে ১১টি বিমান সংগ্রহের বিষয়ে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরও পড়ুনঃ নির্মাণকাজে ফাইবার লাইন কেটে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল
বিমানের ভবিষ্যৎ বহর সম্প্রসারণকে কেন্দ্র করে বোয়িং ও ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলার মধ্যেই নতুন এই চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তির আওতায় ১৪টি বিমান সংগ্রহের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ এবং চারটি বোয়িং ৭৩৭-৮।
নতুন করে আরও ১১টি বিমান সংগ্রহের বিষয়টি আগের ওই চুক্তির অতিরিক্ত হিসেবে যুক্ত হবে। ফলে বুধবারের চুক্তি সম্পন্ন হলে বোয়িং থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট সংগ্রহ পরিকল্পনা দাঁড়াবে ২৫টি উড়োজাহাজে।
আরও পড়ুনঃ চীন-পাকিস্তান সীমান্ত কমিশন, ভারতের তীব্র আপত্তি—হিমালয়ে নতুন ভূ-রাজনৈতিক উত্তাপ
তবে নতুন ১১টি বিমানের নির্দিষ্ট মডেল, মোট ক্রয়মূল্য, অর্থায়ন কাঠামো এবং কোন সময়ের মধ্যে উড়োজাহাজগুলো বিমানের কাছে হস্তান্তর করা হবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বহর সম্প্রসারণের এই উদ্যোগের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে ভবিষ্যৎ পরিচালন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





