রাজিব শর্মা, (চট্টগ্রাম ব্যুরো)ঃ নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারমুখী লুপ খুলে দেওয়া হয়েছে। লুপটি এক হাজার ৩শ মিটার দীর্ঘ।
গতকাল শুক্রবার বিকালে বেবি সুপার মার্কেট এলাকায় লুপের একাংশ উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। এসময় তিনি লুপ চালু করাকে নগরবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার বলে উল্লেখ করেন। তিনি বলেন, লুপ চালুর মাধ্যমে ২ নম্বর গেট এলাকার দীর্ঘদিনের যানজটের বিড়ম্বনা অনেকাংশে কমবে। এই লুপ দিয়ে নগরীর অক্সিজেন মোড় এবং নাসিরাবাদ ভারী শিল্প এলাকা দিয়ে আসা যানবাহনগুলো ফ্লাইওভারে উঠতে পারবে। তিনি জানান, ঈদের আগে যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে অগ্রাধিকার ভিত্তিতে লুপ খুলে দেওয়া হয়েছে। আপাতত লুপের এক পাশ দিয়ে বায়েজিদ ভারী শিল্প এলাকা দিয়ে আসা যানবাহনগুলো আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠতে পারবে। লুপ খুলে দেওয়ার ফলে বায়েজিদ এলাকাবাসীর পাশাপাশি উত্তর চট্টগ্রামের লোকজনও উপকৃত হবেন বলে জানান তিনি।
বায়েজিদ বোস্তামী সড়কের বেবি সুপার মার্কেট সংলগ্ন অংশ থেকে শুরু হয়ে লুপটি (উড়াল সড়কের সাথে অন্য সড়কের সংযোগ) ফ্লাইওভারের সিডিএ এভিনিউর সিঅ্যান্ডবি কলোনি অংশে গিয়ে যুক্ত হয়েছে। এই লুপ ব্যবহার করে বায়েজিদ বোস্তামী সড়ক ধরে আসা যানবাহন ফ্লাইওভার হয়ে লালখান বাজারমুখী হয়ে চলাচল করতে পারবে।
তবে ভারী যান চলাচল বন্ধ করতে লুপের শুরুতে লোহার কাঠামো দিয়ে প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে। এই লুপ দিয়ে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল করতে দেওয়া হবে না জানিয়ে আবদুচ ছালাম বলেন, মূল সড়ক থেকে লুপের সর্বোচ্চ উচ্চতা প্রায় ৮০ ফুট। তাই কোনো ঝুঁকি নিতে চাই না। নিরাপত্তার কথা বিবেচনা করে এ ধরনের ভারী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। অন্য সব গাড়ি চলবে।
এদিকে ফ্লাইওভারে গাড়ি চলাচলের সুবিধার্থে ৬টি র্যাম্প নির্মিত হচ্ছে। এর মধ্যে ফ্লাইওভারের জিইসি মোড়ে ৪টি র্যাম্প হবে। সেখানে ওয়াসা থেকে জিইসি মোড়ের দিকের গাড়িগুলো জিইসি কনভেনশনের সামনে এবং মুরাদপুরের দিকে যাওয়া গাড়িগুলো নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফ্লাইওভারে উঠতে পারবে। মুরাদপুর থেকে জিইসি মোড়ের দিকের গাড়িগুলো মেরিডিয়ানের সামনে নামতে পারবে এবং ওয়াসার দিকে যাওয়া গাড়িগুলো ব্লুজম গার্ডেনের সামনে থেকে উঠতে পারবে। ষোলশহর দুই নম্বর গেটে বায়েজিদ বোস্তামী রোডের দিকে দুটি লুপ নির্মিত হচ্ছে। একটি লুপ দিয়ে গাড়ি যেতে পারবে এবং অপরটি দিয়ে গাড়ি আসতে পারবে।
সিডিএ চেয়ারম্যান বলেন, জিইসি ও ২ নম্বর গেটে নির্মাণাধীন ছয়টি র্যাম্প ও লুপের নির্মাণকাজ শেষ হলে ওই এলাকার যানজট পুরোপুরি হ্রাস পাবে; যা নগরীর অন্যান্য এলাকার যান চলাচলেও ব্যাপক ভূমিকা রাখবে। লালাখানবাজার থেকে দুই নম্বর গেট হয়ে ফ্লাইওভার থেকে নামার জন্য বর্তমানে নির্মাণাধীন র্যাম্পটি আগামী ঈদুল আজহায় খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
সিডিএ চেয়ারম্যান জানান, ৬ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি ৬৯৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর মুরাদপুর–লালখানবাজার আখতারুজ্জামান ফ্লাইওভারটি পুরোপুরি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ফ্লাইওভার প্রকল্পটি ২০১৩ সালের ১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দেয়। ফ্লাইওভারের মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৬৯৬ কোটি টাকা। এর মধ্যে ফ্লাইওভারটির মূল অবকাঠামো তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৪৫০ কোটি টাকা এবং র্যাম্প ও লুপ নির্মাণ কাজে ২৪৬ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০১৮ সালের জুন মাস পর্যন্ত। পরবর্তীতে র্যাম্প ও লুপ নির্মাণে বরাদ্দ বাড়ানো হয়। ফ্লাইওভারটি মুরাদপুর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে শুরু হয়ে লালখানবাজারে এসে নেমেছে।
সিডিএ চেয়ারম্যান বলেন, উন্নয়নের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা দরকার। সারা বিশ্বের কাছে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। এই উন্নয়নকে ধারাবাহিক রাখতে হবে আর এর জন্য সরকারের ধারাবাহিকতা থাকা দরকার।
এসময় মোনাজাত পরিচালনা করে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড সদস্য জসিম উদ্দিন, কেবিএম শাহজাহান, ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার মির্জা, নাজিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।




