× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

কাস্টমস দিবসের গুরুত্ব ও বাংলাদেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক ডেস্ক: আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস । বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। আর এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে কাস্টমস কো-অপারেশন কাউন্সিলের সম্মেলন।

কাস্টমস একটি ঐতিহ্যবাহী আর্থিক কৌশল। আর এটি রাজস্ব আদায়ে সবচেয়ে পুরনো পদ্ধতি। তবে সময়ের সঙ্গে সঙ্গে কাস্টমসের ভূমিকা একদিকে যেমন পরিবর্তন হচ্ছে। অন্যদিকে এর আঙ্গিকও ভিন্নমাত্রায় উপস্থাপন হচ্ছে। বাংলাদেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমস গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শুধু তাই নয়, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা, খাদ্যদ্রব্যসহ অনেক পণ্যের মান নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ করাসহ বিভিন্ন ইস্যুতে এর অবদান রয়েছে।

এর বাইরে আন্তর্জাতিক ব্যবসাবাণিজ্যের সঙ্গে সম্পর্কিত বহুমাত্রিক আন্তর্জাতিক চুক্তি ও সম্মেলনের সিদ্ধান্ত পরিপালন করাও কাস্টমসের এখন দায়িত্ব। আর এ জন্যই আন্তর্জাতিক কাস্টমস দিবস পালনের গুরুত্ব অনেক।

১৯৫৩ সালে বেলজিয়ামের ব্রাসেলস-এ ‘কাস্টমস কো-অপারেশন কাউন্সিল’ এর উদ্বোধনী অধিবেশনকে স্মরণ করে প্রতিবছর ২৬ জানুয়ারি ডব্লিউসিও এর পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও আন্তর্জাতিক কাস্টমস দিবস গুরুত্ব পাচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য বিষয় ‘ডিজিটাল কাস্টমস: প্রগেসিভ এ্যাংগেজমেন্ট’। ডিজিটাল কাস্টমস যেভাবে অবদান রাখবে তা হচ্ছে স্বয়ংক্রিয় কাস্টমস খালাস ব্যবস্থা করা, সিঙ্গেল উইডোর ধারণা, ইলেকট্রিক তথ্য আদান-প্রদান, যোগাযোগের ওয়েবসাইট, স্বচ্ছতা নিশ্চিত করা ও স্মার্ট ফোনসহ সব ধরনের ডিভাইস ব্যবহারের নিশ্চয়তা। প্রশ্ন আমরা সে পথটিতে কতখানি যেতে পেরেছি।

৯০ দশকের শুরুতে বাংলাদেশ কাস্টমস এ্যাসাইকোডা সিস্টেমের প্রাথমিক ভার্সনের মাধ্যমে ডিজিটাল কার্যক্রম শুরু করে। সেই পথ ধরে বাংলাদেশ কাস্টমস এখন অনেকখানি অগ্রসর। বেশকিছু গুরুত্বপূর্ণ অর্জনও রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে- বাংলাদেশ কাস্টমসের বাণিজ্য সহজীকরণ, কম্পিউটারাইজেশন ও স্বয়ংক্রিয় পদ্ধতি প্রক্রিয়া সহজ করা, নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি।

বলা যায়, রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির ক্ষেত্রে ডিজিটাল প্রক্রিয়া কাস্টমস প্রক্রিয়ার গুণগতমানকে উন্নতর ও উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে। যে কারণে গত ১০ বছরের পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশ কাস্টমস বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। ২০০৪-০৫ অর্থবছরে যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ১০০ কোটি টাকা, সেখানে কাস্টমস ডিউটি আদায় হয়েছে ১৫ হাজার ১১২ কোটি ৬৫ লাখ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে যেখানে বাংলাদেশ কাস্টমসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে ৩৮ হাজার ৩৩৩ কোটি ৩৭ লাখ টাকা। শুল্ক হার কমলেও, আন্তর্জাতিক বাজারে জ্বালানি, ধাতব পদার্থসহ অনেক পণ্যের দাম কমে গেছে। কিন্তু এরপরও রাজস্ব আদায়ে বিগত ১০ বছরে যা প্রবৃদ্ধি হয়েছে তা সত্যি বিস্ময়কর। অর্থাৎ বিগত ১০ বছরে ১৫৩ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

চোরাচালান প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশ কাস্টমসের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। অবশ্যই এই সাফল্যের পেছনে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বোচ্চ মহলের আন্তরিকতা, দক্ষতাকে অস্বীকার করা যাবেনা। এই সাফল্যের পরিস্ফুটন ঘটেছে কেন্দ্র থেকে একেবারে মাঠপর্যায়ে। তবে এর জন্য আধুনিক ডিজিটাল সরঞ্জাম ও কৌশল ব্যবহার বিশেষ সহায়ক হিসেবে কাজ করেছে।

১৯৯০ সালের মাঝামাঝি সময়ে স্বেচ্ছামূলকভাবে পিএসআই ব্যবস্থার প্রচলন হয়। পরবর্তীতে অর্থাৎ ১৯৯৪ সালে কাস্টমস শুল্কায়ন প্রক্রিয়াকে সহজ করতে এটি বাধ্যতামূলক করা হয়। ২০১৩ সালের জুলাই থেকে বাধ্যতামূলক পিএসআই বিকল্প হিসেবে কাজ করছে। ডিজিটাল পদ্ধতিতে তথ্য প্রক্রিয়াকরণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কাস্টমস শিল্পের কাঁচামাল, মূলধনী পণ্য, বিলাসবহুল পণ্যের আমদানি ও ব্যবহারিক ধরন চিহ্নিত করতে পেরেছে। আগের তুলনায় বর্তমানে কাস্টমস কর্মকর্তাদের সক্ষমতাও অনেক বেড়েছে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এদের মনোযোগও আগের তুলনায় বেড়েছে।

বাংলাদেশ কাস্টমস রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে ১৯৮০ সাল থেকে বন্ড ও শুল্ক প্রত্যর্পণ সুবিধা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ডিজিটাল উদ্যোগের কারণে বাংলাদেশের রফতানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে বলেও মনে করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড আধুনিকায়নের পরিকল্পনা নিয়ে ২০১৩ সালে একটি কর্মপরিকল্পনা কৌশল তৈরি করে। যার মেয়াদ ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। এই কর্মপরিকল্পনার আওতায় বেশ কিছু সংস্কারসহ বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য বেশকিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে- মানব সম্পদ উন্নয়ন। এর পাশাপাশি রয়েছে বাংলাদেশ কাস্টমস কম্পিউটারাইজেশন ও স্বয়ংক্রিয় পদ্ধতি পুরোপুরিভাবে চালু করা।

প্রচলিত প্রথার জটিলতা ও হয়রানি থেকে ব্যবসায়ীদের মুক্ত করতেই কাস্টমস বিভাগকে ডিজিটালাইজডের মাধ্যমে অনলাইনে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করতে ও `কাগজবিহীন প্রযুক্তি` চালুর মাধ্যমে দ্রুত পণ্য খালাসের লক্ষ্যে এ প্রকল্প শুরু। অথচ পণ্যের শুল্কায়ন সেই প্রচলিত প্রথায়ই রয়ে গেছে এখনও।

এনবিআর বলছে, ডিজিটাল কাস্টমসের আওতায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেবার মান বাড়ানো হবে। এতে করে পণ্য দ্রুত খালাস হবে, দুর্নীতি কমবে, নিশ্চিত হবে ব্যবসাবান্ধব পরিবেশ। রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি চোরাচালান প্রতিরোধ করা যাবে। বাড়বে কাস্টমসের সক্ষমতা। ডিজিটাল কাস্টমসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বর্তমান এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানও। তিনি বলেন, দেশে বাণিজ্যের উপযোগী, সহজ পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাস্টমস বিভাগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাস্টমসের বিদ্যমান আইনেও পরিবর্তন আসছে। এসব সংস্কারের পাশাপাশি প্রস্তাবিত আইন কার্যকর হলে বন্দরে পণ্য দ্রুত খালাস হবে। দেশে থেকে পুঁজি পাচার বন্ধ হবে। দুর্নীতিমুক্ত হবে কাস্টমস বিভাগ। উপকৃত হবেন ব্যবসায়ীরা। আর এতে সামগ্রিকভাবে দেশও এগিয়ে যাবে অনেক।

চট্টগ্রাম কাস্টম হাউসকে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে ছোট-বড় মিলে ১৫টি কাস্টম হাউস সক্রিয় রয়েছে। লক্ষ্য রয়েছে, এ বছরের মধ্যেই বাকিগুলোকে অনলাইনে আনার। যদিও গৃহীত পরিকল্পনার ৮০ ভাগ কাজই এখনও শেষ হয়নি। ফলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা যায়নি, কমেনি দুর্নীতি, বাড়েনি সেবার মান, বন্ধ হয়নি হয়রানি। এনবিআরেরই এক সমীক্ষামতে, আমদানি করা পণ্যের ১০০ চালানের মধ্যে অন্তত অর্ধেক পণ্যেই মিথ্যা ঘোষণা (পণ্যের প্রকৃত মূল্য অপেক্ষা কম মূল্য) দেওয়া হয়। এ কারণে প্রতিবছর সরকার কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। কাস্টমসের আধুনিকায়ন সম্পন্ন হলে পণ্য আমদানিতে `ওভার ইনভয়েসিং` করে রোধ করা যাবে মুদ্রাপাচারের মতো অপরাধ ।

 


এ ক্যটাগরির আরো খবর..