শ্রম প্রতিমন্ত্রীর সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে ইউনিসেফ এর বাংলাদেশ প্রতিনিধি এডোয়ার্ড বিগবেডার (Edouard Beigbeder) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শ্রম প্রতিমন্ত্রী ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম এবং ২০২৫ সালের মধ্যে সকল প্রকার শিশুশ্রম নিরসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকার ২৮৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করেছে এবং এ প্রকল্পের মাধ্যমে এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে প্রত্যাহার করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।

এ সময় জাহাজ ভাঙ্গা শিল্প মালিক সমিতি সম্প্রতি ঐ খাতে শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া হয় না বলে যে প্রত্যয়ন দিয়েছে সে বিষয়টি আলোচনায় উঠে আসে।

চা বাগান এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে চা শ্রমিকের সন্তানদের জন্য সরকার হোস্টেল নির্মাণ করবে বলে প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন। প্রতিনিধিদল আইএলও এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে সিলেট অঞ্চলের চা বাগান এলাকায় স্কুলের বাইরে থাকা শিশুদের কারিগরি শিক্ষার জন্য নেয়া একটি প্রকল্পের কথা উল্লেখ করেন।

সাক্ষাৎকালে আগামীতে ইউনিসেফের সাথে বাংলাদেশ সর্ম্পক আরো জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা এইচ ফোর বাংলাদেশ সফর করবেন। সফরকাল ২৬ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।

এ সময় শ্রম সচিব আফরোজা খান, ইউনিসেফের চিফ অভ্ এডুকেশন ড. পাওয়ান কুচিতা (Pawan kucita), চৌধুরী মুফাদ আহমেদ এবং সোশ্যাল পলিসি স্পেশিয়ালিস্ট মোঃ আজিজুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।