ভারতের মুম্বাইয়ে গতকাল রোববার সন্ধ্যায় ‘মেক ইন ইন্ডিয়া উইক’-এর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, বলিউড তারকাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে ‘মেক ইন ইন্ডিয়া’ কার্যক্রমের অংশ হিসেবে চৌপট্টি বিচে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ভিডিওচিত্রে দেখা যায়, মঞ্চে নৃত্যশিল্পীরা নাচছেন। এ সময় মঞ্চের নিচে আগুন ছড়িয়ে পড়ছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিস, গভর্নর সি. বিদ্যাসাগর রাও, শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে, অভিনেতা আমির খান, অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনি প্রমুখ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অমিতাভ বচ্চনও গিয়েছিলেন। মঞ্চে তাঁর পরিবেশনা শেষ হওয়ার পরই আগুন লাগে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।