বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু): ধর্ষণের অভিযোগের একটি মামলায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পুলিশ কন্সটেবল তরুন কান্তি বিশ্বাস।
মঙ্গলবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করে এ জামিনের আবেদন করলে বিচারক জয়শ্রী সমাদ্দার জামিনের আবেদন মঞ্জুর করেন।
আসামী পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গাজী মো: শাহ আলম জামিন আবেদনের পক্ষে শুনানী করেন।
বাদী পক্ষে জামিন আবেদনের বিরোধীতাকারী অ্যাডভোকেট মোস্তফা কামাল ট্রাইব্যুনাল কর্তৃক আসামীর জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মোস্তফা কামাল জানান, ২০১৭ সালের ১৮ অক্টোবর একই ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ প্রদান করেন। পরে গত বছর ২০ নভেম্বর পিবিআই এর পরিদর্শক শামীম আহমেদ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামী তরুন কান্তি বিশ্বাসকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর গত ২০ জানুয়ারি একই বিচারক প্রতিবেদন আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের মে মাসে পুলিশ সদস্য তরুন কান্তি বিশ্বাস বাদিনীর ভাড়া করা বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেন। এরপর আসামী বাদিনীকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিত। একদিন আসামী বাদিনীর স্বামী ঘরে না থাকার সুযোগে বাদিনীকে দুধের সাথে ঘুমের ঔষধ খাওয়ায়। বাদী এতে অচেতন হয়ে পড়ায় আসামী বাদিনীকে নগ্ন করে বিভিন্ন ভিডিও ধারন করেন। পরে আসামী ওই ভিডিও দিয়ে বাদিনীকে দেখিয়ে প্রকাশ করার ভয় দেখায় এবং বিয়ের প্রলোভন দিয়ে আসামীর সাথে অবৈধ ভাবে শারীরিকভাবে মেলামেশা করতে বাধ্য করে। এভাবে বিয়ে না করে প্রতিদিন বিভিন্ন সময়ে ধর্ষন করেন।





