চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ১৯ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ নিজ বাড়ির চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহার ঘোষণাকালে হারুনুর রশীদ বলেন, “আমি ষষ্ঠবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। জাতীয় আশা-আকাঙ্ক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরা একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। আমাদের লক্ষ্য—চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করা।”
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হয়, তাহলে জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের বিএনপি প্রার্থী মো. আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, আমিনুল ইসলাম মতি, তাসেম আলী, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
ঘোষিত ১৯ দফা ইশতেহারে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, নারী ও শিশুদের নিরাপত্তা জোরদার, কৃষির আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ অঙ্গীকার তুলে ধরা হয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..