ইউএস-বাংলার ঢাকা-জেদ্দা ফ্লাইট উদ্বোধন করলেন বিমান ও পর্যটন মন্ত্রী

ইউএস-বাংলার ঢাকা-জেদ্দা ফ্লাইট উদ্বোধন করলেন বিমান ও পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান আজ ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটের ফ্লাইট উদ্বোধন করেছেন। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারের প্রধান উদ্দেশ্য জনগণকে উন্নত সেবা ও সঠিক মূল্যে সেবা দেওয়া। তিনি বলেন, এভিয়েশন খাতকে এগিয়ে নিতে সবার সঙ্গে বসে আলোচনা করা হবে, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। সঙ্গে যাত্রী সেবাও নিশ্চিত করা হবে।

ফারুক খান বলেন, গত ১৫ বছরে দেশের এভিয়েশন শিল্পে নীরব বিপ্লব ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন টার্মিনাল নির্মাণ, রানওয়ের শক্তি ও দৈর্ঘ্য বৃদ্ধি-সহ বিভিন্ন বিমানবন্দরের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। তবে আমাদের আরো অনেক কাজ করার আছে। এভিয়েশন শিল্প টেকনোলজি বেইজড শিল্প। এখানে কাজগুলো ধারাবাহিকভাবে করতে হয়।

দেশের সব এয়ারলাইন্সকে ধন্যবাদ জানিয়ে ফারুক খান বলেন, সাম্প্রতিককালে আন্দোলনের সময় দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও প্রতিটি এয়ারলাইন্স অপারেশন চালিয়েছে, যাত্রীদের সেবা দিয়েছে এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এছাড়াও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। আমরা আশা করি আগামীতেও তারা এ ধরনের সেবা দিয়ে যাবেন।

মন্ত্রী আরো বলেন, ২০১৪ সালে আমি ইউএস-বাংলা এয়ারলাইন্সের উদ্বোধন করেছিলাম, আমিই আজ ঢাকা-জেদ্দা রুটের উদ্বোধন করছি, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি আশা করছি ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের বহর আরো বড় করবে এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণ করে আরো এগিয়ে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।