আজ আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ও ইউএনএফপি’র সহযোগিতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে।
মাতৃস্বাস্থ্য সেবা ব্যবস্থায় মিডওয়াইফদের কাজের প্রতি সম্মান প্রদর্শন ও সারা বিশ্বে লাখ লাখ মা ও শিশুর জীবনে মিডওয়াইফগণের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে এই দিবসটি উদযাপন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হচ্ছে।
মিডওয়াইফারি চর্চার জন্য ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভসের (আইসিএম) আবশ্যকীয় যোগ্যতায় উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা কার্যক্রম আইসিএম কর্তৃক আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে। মিডওয়াইফ হিসেবে যাঁরা প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা মিডওয়াইফারি চর্চা কিংবা ‘মিডওয়াইফ’ পদবি ব্যবহারের জন্য নিবন্ধিত হবেন কিংবা আইনগতভাবে সনদ নেবেন এবং মিডওয়াইফরা তাঁদের যোগ্যতার প্রকাশ ও চর্চা করবেন।
মিডওয়াইফরা নারীদের গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব-পরবর্তী প্রসূতি মায়েদের প্রয়োজনীয় সেবা, পরিচর্যা ও পরামর্শ দেওয়ার জন্য যথাযথভাবে দায়িত্ববান ও জবাবদিহির মধ্যে থাকবেন। সন্তান প্রসব করানো মিডওয়াইফদের দায়িত্ব এবং তিনিই নবজাতক ও শিশুর পরিচর্যা করে থাকেন। স্বাভাবিকভাবে শিশু প্রসবের জন্য মিডওয়াইফরা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেন এবং মা ও শিশুস্বাস্থ্যের জটিলতা নিরূপণ করেন এবং জরুরি ব্যবস্থা নিতে সাহায্য করে থাকেন। একজন মিডওয়াইফ জানেন অন্তঃসত্ত্বা মা ও নবজাতকের অবস্থার অবনতি হলে কীভাবে তা শনাক্ত করবেন এবং অস্ত্রোপচার ছাড়াই সমস্যার সমাধান করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি জানেন যে কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে মা ও নবজাতককে পাঠাতে হবে।
মিডওয়াইফদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পরামর্শ ও শিক্ষা প্রদান, যা শুধু প্রসূতি মাকেই নয়; বরং পুরো পরিবারকে এবং জনগোষ্ঠীকে প্রদান করা। এ কাজে প্রসব-পূর্ব শিক্ষা ও পিতা-মাতা হওয়ার প্রস্তুতি এবং নারীস্বাস্থ্য, যৌন ও প্রজননস্বাস্থ্য এবং শিশুর পরিচর্যা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। একজন মিডওয়াইফ বসতবাড়ি, কমিউনিটি, হাসপাতাল, ক্লিনিক কিংবা স্বাস্থ্য ইউনিটে তাঁর পেশা চর্চা করতে পারবেন।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে সরকার, সুশীল সমাজ, পেশাদার সংগঠনসহ সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কাজ করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিবের ‘প্রত্যেক নারী প্রত্যেক শিশু’ আন্দোলনের অংশ হিসেবে মিডওয়াইফারির ওপর প্রশিক্ষণ কোর্স চালু এবং তিন হাজার নতুন মিডওয়াইফ পদ সৃষ্টির মাধ্যমে দক্ষ মিডওয়াইফের প্রাপ্যতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
ইউএনএফপিএ মিডওয়াইফদের জন্য দুটি শিক্ষা কর্মসূচি পরিচালনায় সরকারকে সহায়তা করছে। প্রথমটি হচ্ছে, বর্তমানে যারা মিডওয়াইফ ও নার্স হিসেবে কাজ করছেন, তাঁদের জন্য মিডওয়াইফারির ওপর ছয় মাসের একটি সার্টিফিকেট কোর্স। ২০১০ সালে একটি অন্তর্বর্তী কর্মসূচি হিসেবে এটি চালু করা হয়। দ্বিতীয়টি হচ্ছে, মিডওয়াইফারির ওপর তিন বছরের ডিপ্লোমা কোর্স। বাংলাদেশে ২০১৩ সালের জানুয়ারিতে এই কোর্স চালু হয়। ৩১টি নার্সিং ইনস্টিটিউট ও কলেজ থেকে ২০২৫ জন শিক্ষার্থী (তিনটি ব্যাচে তিন বছরে) এ কোর্স সম্পন্ন করছেন। মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তাঁদের নিয়োগ দেওয়া হবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে।
আজ আন্তর্জাতিক নারী দিবসে ইউএনএফপিএ সব ধাত্রী এবং যাঁরা ধাত্রীবিদ্যার ওপর প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের স্যালুট জানাচ্ছে। মা ও নবজাতককে নতুন জীবন দেওয়ার এই অনবদ্য পেশা বেছে নেওয়ার জন্য তাঁদের ইউএনএফপিএর এই সম্মাননা।