যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর এলাকায় নতুন করে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার অভিযোগের জবাবে তারা পাল্টা সামরিক অভিযান শুরু করেছে।
বুধবার (৮ জুলাই) দিবাগত মধ্যরাতে সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, মঙ্গলবার (৭ জুলাই) হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।
হামলার ঘোষণার পর ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বিভিন্ন সূত্রে জানা যায়, সিরিক বন্দরের মাছ ধরার ঘাট ও বাণিজ্যিক পিয়ার এলাকায় হামলা হয়েছে।
এর কিছু সময় পর ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর বন্দর আব্বাসের আশপাশেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সেখানে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি বা লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অসমর্থিত কয়েকটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হামলা মূলত বন্দরসংলগ্ন এলাকায় সীমাবদ্ধ রাখা হয়েছে। যদিও হামলার তীব্রতা উল্লেখযোগ্য ছিল বলে তারা জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সেন্টকম তাদের বিবৃতিতে বলেছে, বাণিজ্যিক জাহাজে হামলাকে তারা ‘বিপজ্জনক’ এবং ‘যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে তারা জানিয়েছে, পাল্টা অভিযানের লক্ষ্য ইরানের সামরিক ও সংশ্লিষ্ট অবকাঠামোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা।
এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের অভিযোগ বা হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পাশাপাশি, হরমুজ প্রণালিতে কথিত জাহাজ হামলার দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।