উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত

উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত

          ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও গভীর শ্রদ্ধায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

          প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম আমাদের বাঙালি চেতনা, সাহিত্য ও সংস্কৃতির দুটি অবিনাশী বাতিঘর। রবীন্দ্রনাথ যেমন আমাদের হৃদয়ের গভীর অনুভূতি ও মননশীলতাকে সমৃদ্ধ করেছেন, তেমনই নজরুল আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ও সাম্যের গান গাইতে। তরুণ প্রজন্মের মাঝে এই দুই মহান কবির আদর্শ ও সাহিত্য দর্শন ছড়িয়ে দিতে হবে। তিনি সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে এবং মেধা-মননভিত্তিক সমাজ গঠনে আইনজীবীদের এই চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

          অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি। তিনি তাঁর বক্তব্যে বাঙালি সংস্কৃতি ও স্বাধিকার আন্দোলনে রবীন্দ্র-নজরুলের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

          অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আইন পেশার পাশাপাশি আইনজীবীদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

          অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম খান, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জুনিয়র আইনজীবী এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

          আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ রবীন্দ্র ও নজরুল সংগীত এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।