তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে দূরে রাখতে সুস্থ সংস্কৃতিচর্চা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।
শুক্রবার (২ অক্টোবর) মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা ও নৌকাবাইচের মতো গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো দেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এসব দেশীয় খেলাধুলা ও লোকঐতিহ্যকে আরও জনপ্রিয় করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে।
নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে নৌকাবাইচসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি এসব ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
নিতাই রায় চৌধুরী বলেন, পুলিশ শুধু জনগণের বন্ধু ও নিরাপত্তার দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান নয়, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নেও বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের জনসম্পৃক্ত আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান খিজিল।
এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ভাষা শহীদদের স্মরণে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে নির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।





