তথ্য ও সম্প্রচার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক
তথ্য ও সম্প্রচার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নিজ কার্যালয়ে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্দালিভ রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে দেশের বর্তমান গণমাধ্যমবান্ধব পরিবেশ তুলে ধরে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, “বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও গুণগত ও ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে রাষ্ট্রীয় মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এখন বস্তুনিষ্ঠভাবে বিরোধী দলের সংবাদ ও মতামত প্রচার করা হচ্ছে।”

তিনি আরও স্পষ্ট করেন যে, সরকার স্বাধীন গণমাধ্যম ও গঠনমূলক মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে বদ্ধপরিকর। তবে একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার, মানহানিকর বক্তব্য এবং ভুল তথ্য (ডিসইনফরমেশন) ছড়ানো রোধে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অপতথ্য প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। ফেক অ্যাকাউন্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বন্ধে কঠোর পদক্ষেপের কথা জানান তিনি।

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে আলোচনার জবাবে তথ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা খর্ব বা নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই। দায়িত্বশীলতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের অর্থনৈতিক ও বাণিজ্যিক অগ্রগতির প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা এবং স্বাস্থ্য খাতে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।