বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে চাকরিপ্রার্থী তৈরির পাশাপাশি দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং নতুন ধরনের অর্থনীতির চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের মধ্যে গবেষণা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে।

বুধবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, গবেষণা, প্রশাসনসহ সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা জানান, সময়ের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক বিভিন্ন বিষয়ে পাঠদান ও প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় একটি নাম। তাঁর স্মৃতিবিজড়িত এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়টি দক্ষ ও প্রযুক্তিসচেতন মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরও কার্যকর অবদান রাখবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।