রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে তাদের আটক করার পর তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একটি সূত্র।
তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। পুলিশের কাছে তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করতে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে ও থানায় কাজ করছেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের জঙ্গি কার্যক্রমে জড়িত হিসেবে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। বিষয়টি যাচাইয়ের পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।





