দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটানো ও সার্বিক জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে শেভরনের ‘বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ’ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে বাংলাদেশের সামগ্রিক জ্বালানি খাতের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান পুরনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের মতো অভিজ্ঞ কোম্পানির বড় ধরনের বিনিয়োগের বিষয়টি জোর গুরুত্ব পায়।
সাক্ষাৎকালে জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করা হয়। শেভরন প্রতিনিধিদলও বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদি জ্বালানি অংশীদারিত্ব অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক বার্তা দেয়।
উচ্চপর্যায়ের এ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।





