সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন; বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত ও দস্যুদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন; বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত ও দস্যুদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি
সুন্দরবন দস্যুমুক্ত করার দাবি

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত এবং দস্যুদের সহযোগীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে খুলনার কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুন্দরবনের শাকবাড়িয়া নদীর তীরে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে এ কর্মসূচি পালিত হয়। উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উদ্যোগে এবং কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সহযোগিতায় মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উদ্বোধনী বক্তব্য দেন সুন্দরবন ও উপকূল সংরক্ষণ আন্দোলনের সভাপতি তরিকুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা আ ব ম আব্দুল মালেক, নাগরিক সংগঠন সুজনের কয়রা উপজেলা সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা এম আনোয়ার হোসেন, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, ইয়ুথ ফর সুন্দরবন ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাসেল আহাম্মেদ, কয়রা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সহসভাপতি জিএম মোনায়েম, সাংবাদিক কামাল হোসেন ও বনজীবী মুছানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গত দুই বছর ধরে সুন্দরবনের বিভিন্ন বনদস্যু বাহিনী জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। একই সঙ্গে তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। বনদস্যুদের পাশাপাশি স্থানীয় কিছু মাছ ব্যবসায়ীও এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছেন বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, বনদস্যুদের সহযোগীদের মাধ্যমে দুই ও পাঁচ টাকার নোটের নম্বরকে টোকেন হিসেবে ব্যবহার করে বনজীবীদের সুন্দরবনে প্রবেশ করতে হচ্ছে। এ জন্য জেলেদের আগাম চার থেকে পাঁচ হাজার টাকা দিতে হয়। টোকেন ছাড়া বনে প্রবেশ করলে বনদস্যুদের হাতে জিম্মি হওয়ার ঝুঁকি থাকে।

তখন জনপ্রতি ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দিতে হয়। এতে জীবিকার তাগিদে সুন্দরবনে যাওয়া বনজীবীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবি কোনো ব্যক্তি বা সংগঠনের একক দাবি নয়; এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তার প্রশ্ন। বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, তাদের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারীদের শনাক্ত এবং দস্যুদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ আন্দোলনে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। মানববন্ধনে সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

তারিক লিটু, কয়রা (খুলনা) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।