ভবন নির্মাণে আইন লঙ্ঘনকারীদের ছাড় নয়: গণপূর্ত মন্ত্রী

ভবন নির্মাণে আইন লঙ্ঘনকারীদের ছাড় নয়: গণপূর্ত মন্ত্রী
ভবন নির্মাণে আইন লঙ্ঘনকারীদের ছাড় নয়: গণপূর্ত মন্ত্রী

ভবন নির্মাণে প্রচলিত আইন ও বিধিবিধান না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বর সম্বলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গণপূর্ত মন্ত্রী।

জাকারিয়া তাহের বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে আইন লঙ্ঘন করে কোনো ধরনের কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। কেউ বিধিবিধান অমান্য করে নির্মাণকাজ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি কাজে বাধা দিলে কঠোর ব্যবস্থা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সম্প্রতি বাধা দেওয়ার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও আইন প্রয়োগে যারা প্রতিবন্ধকতা তৈরি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে সবাইকে সহযোগিতা করতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা অনিয়ম বরদাশত করা হবে না।

রাজশাহীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

এর আগে সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী মহানগরীতে চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী।

দুপুরে সড়ক নম্বর সম্বলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র উদ্বোধন করেন তিনি। পরে আবাসিক এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এরপর নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন জাকারিয়া তাহের। উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।