দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সক্ষমতা বাড়ানো গেলে দেশের সামগ্রিক শিল্পভিত্তি আরও শক্তিশালী হবে।
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রযুক্তিবিদ, গবেষক এবং উৎপাদন ও সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে দেশব্যাপী দিবসটি পালিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম ভিত্তি হলো উৎপাদনশীলতা। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের মানোন্নয়ন, উৎপাদন ব্যয় ও অপচয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই।
তিনি বলেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে বৈশ্বিক অর্থনীতির ধরনও প্রতিনিয়ত বদলাচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের শিল্প ও সেবা খাতকে আরও দক্ষ, উদ্ভাবনী এবং প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা প্রয়োজন।
এবারের জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সরকার, শিল্পোদ্যোক্তা, শ্রমিক, গবেষক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশের শিল্প ও সেবা প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে এনপিও প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শ এবং কারিগরি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
আধুনিক প্রযুক্তি, টেকসই উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আরও উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সার্বিক সাফল্যও কামনা করেন তিনি।





