সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রী ঈশা দাশের মৃত্যু

সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রী ঈশা দাশের মৃত্যু
সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রী ঈশা দাশের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ঈশা দাশের (১২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে সে।

নিহত ঈশা দাশ সাতকানিয়া উপজেলার ছদাহা কেফায়েত উল্লাহ-কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং ছদাহা ইউনিয়নের দাশপাড়া এলাকার সুনীল দাশের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বিদ্যালয়ের বিরতির সময় সহপাঠীদের সঙ্গে মহাসড়ক পার হচ্ছিল ঈশা। এ সময় চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি হাসপাতালে নেন এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও বিক্ষুব্ধ এলাকাবাসী মিঠাদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য উক্ত স্পটে গতিরোধক ও পদচারী সেতু (ফুটওভার ব্রিজে) নির্মাণের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ছাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই মহাসড়কের দুর্ঘটনাকবলিত স্থানে রাতেই সাময়িক গতিরোধক স্থাপন করা হয়েছে এবং ঘাতক বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।