আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

খাদ্য নিরাপত্তা জোরদার ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে কৃষি ও খাদ্যপণ্যের বিদেশনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেসকল কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদনশীলতা বাড়াতে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে হেঁটে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন এবং চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষিকে অর্থকরী ও লাভজনক ব্যবসায় রূপান্তর করতে হবে। আমদানি কমিয়ে উৎপাদন খরচের লাগাম টানা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকতে হবে।”

বৈঠকে তথ্য দেওয়া হয়, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে দেশীয় সরিষার উৎপাদন ২০২০-২১ অর্থবছরের ৮.২৪ লাখ টন থেকে বাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরে ১৫.৪১ লাখ টনে উন্নীত করা হয়েছে। একইসঙ্গে গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত সম্প্রসারণ ও এয়ার-ফ্লো প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ ক্ষমতা বাড়ানো হয়েছে।

গবেষণার অংশ হিসেবে ধানের ১৫৫টি জাতসহ মোট ১,০৯০টি ফসলের জাত ও ১ হাজারের বেশি কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের চিত্র সভায় তুলে ধরা হয়। এছাড়া কৃষিতে শ্রমের ঘাটতি কাটাতে কম্বাইন হারভেস্টার ও রাইস ট্রান্সপ্লান্টার বিতরণসহ দেশীয় প্রযুক্তি বিকাশে জোর দেওয়া হচ্ছে। কৃষকের সেচ ব্যয় কমাতে ২,৬১৭টি সৌরভিত্তিক সেচ ব্যবস্থার সম্প্রসারণের কথা জানানো হয়।

কৃষকদের সরাসরি সরকারি সুবিধা দিতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। মন্ত্রণালয় জানায়, ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে ৪৩ লাখ কৃষককে এই সেবার আওতায় আনা হবে, যার প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার কৃষক কার্ড পাবেন। বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।