নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত হলে তার প্রত্যক্ষ সুবিধা শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং পুরো পরিবারই স্বাবলম্বিতার পথে এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যেই সরকার যুগান্তকারী ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের সম্মান ও অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের নারীরা যৌতুকসহ বিভিন্ন পারিবারিক কারণে নির্যাতনের শিকার হন। এই বাস্তবতায় সরকারের বরাদ্দ করা অর্থ তাদের আর্থিক সুরক্ষা প্রদান করবে।
তিনি বলেন, “পরিশ্রমী নারী সদস্যরা ফ্যামিলি কার্ডের অর্থ সঞ্চয় করে একটি পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন। এটি তাদের জন্য একটি শক্তিশালী সেফগার্ড।”
কৃষকদের কল্যাণে সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক কৃষক সমাজ ভালো থাকলে পুরো বাংলাদেশ ভালো থাকবে।
সেজন্য কৃষি কার্ড প্রবর্তনের পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে। প্রকৃত সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং পুলিশ সুপার মো. রুহুল কবির খান।
এছাড়া সিভিল সার্জন, চার উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এতে অংশ নেন।





