আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর একের পর এক লং মার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এ সংকটের কথা তুলে ধরার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা থাকা প্রয়োজন। কিন্তু গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে বিরোধী দল লং মার্চের কর্মসূচি দিচ্ছে। লং মার্চ করে কী ধরনের সমস্যার সমাধান হবে, এ প্রশ্নও তোলেন তিনি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, স্বার্থের প্রয়োজনে জামায়াত তাদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গেও আঁতাত করতে পারে। ভারতের সঙ্গে আঁতাত করে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে দেশে ফেরানোর চেষ্টা করছে জামায়াত, এমন অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের বক্তব্যের মধ্যে মিল রয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ভারতের সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য বারবার অনুরোধ জানিয়েছে। তবে পলাতক শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর হত্যাকারীদের দেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না বলে জানিয়েছেন। তাঁর ভাষ্য, একই অনুরোধ ভারত যদি জামায়াতের আমিরকে করত, তাহলে এতদিনে তিনি দিল্লিতে অবস্থান করতেন।
জ্বালানি সংকট প্রসঙ্গে রাশেদ খান বলেন, সংকট থেকে উত্তরণে সরকার কাজ করে যাচ্ছে। এরই মধ্যে জামায়াতসহ বিরোধী দল চট্টগ্রামে লং মার্চ করেছে। এখন তারা রংপুর অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। জামায়াতের লং মার্চ এবং আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণাকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন রাশেদ খান।
পরে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন তিনি।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



