পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক মূল্যবোধ রক্ষা এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে কর আইনজীবীসহ সব শ্রেণি-পেশার নাগরিককে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের ২৯ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে অপরাধের প্রবণতা বাড়ছে। শিশু হত্যা এবং একটি পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির মতো ঘটনাকে তিনি উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। এসব অপরাধ প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
গণতান্ত্রিক ব্যবস্থা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সময় পর দেশ আবার গণতন্ত্রের ধারায় ফিরেছে। নাগরিকদের দায়িত্ব হলো এই ব্যবস্থাকে সুরক্ষিত রাখা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। ব্যক্তিনির্ভর শাসন কাঠামোর পরিবর্তে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।
সাক্ষাতে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান সংগঠনের নিজস্ব ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দে রাষ্ট্রপতির সহযোগিতা চান।
সংগঠনের সাবেক সভাপতি মো. আব্দুল মতিন কর আইনজীবীদের প্রশিক্ষণ, পেশাগত সমস্যা ও সুযোগ-সুবিধা দেখভালের জন্য ট্যাক্সেস বার কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন আহমেদ দেশের ৪২ হাজার কর আইনজীবীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি কর আইনজীবীদের ফোরামকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করতে সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের রাজস্ব আহরণে কর আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা আয়কর দেওয়ার যোগ্য, তাদের আয়কর প্রদানের বিষয়টি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় কর আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। সাক্ষাতে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।





