নেপালের উত্তরাঞ্চলে সাম্প্রতিক আকস্মিক ও ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত নেপাল দূতাবাসে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আনুষ্ঠানিকভাবে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন।
শোকবইয়ে স্বাক্ষর শেষে শামা ওবায়েদ ইসলাম বলেন, “প্রাকৃতিক এই বিপর্যয়ে নেপালের সাধারণ মানুষের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তাতে বাংলাদেশ গভীর সহমর্মিতা প্রকাশ করছে। বিশেষ করে ভয়াবহ এই আকস্মিক বন্যায় যারা প্রিয় স্বজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা।”
একই সাথে জলবায়ু পরিবর্তনের মারাত্মক অভিঘাত এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে উন্নয়নশীল ও দক্ষিণ এশীয় দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক সমন্বয় এখন সময়ের দাবি।
দূতাবাস অবস্থানকালে নেপালের রাষ্ট্রদূতের সাথে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে আরও গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।





