ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী কিংবা গণহত্যার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে দুর্গাপূজার নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পুরো সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ছিল।

তিনি বলেন, এবারের দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে। অতীতে ১৫ থেকে ১৭ বছরে দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এবং ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে। বর্তমান সরকার সেই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। সবার সহযোগিতা থাকলে ভবিষ্যতেও এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছর দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।

সরকারের বরাদ্দের বিষয়ে তিনি বলেন, আগে দুর্গাপূজার জন্য সর্বোচ্চ ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। এবার সেই বরাদ্দ বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজায় এবার পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে।

এ ছাড়া পূজামণ্ডপগুলোর জন্য চালের বরাদ্দও বাড়ানো হয়েছে। এবার প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।