টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর দিলেন রাষ্ট্রপতি

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর দিলেন রাষ্ট্রপতি
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর দিলেন রাষ্ট্রপতি

টেক্সটাইল শিল্পের প্রয়োজন মেটাতে দেশের মাটিতেই আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ প্রকৌশলী ও বিশেষজ্ঞ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরশীলতা কমিয়ে শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বুটেক্সের অ্যালামনাই সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, টেক্সটাইল খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এ খাতে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা দেশে ও বিদেশে নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পান। এর মাধ্যমে দেশের দক্ষ জনশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বাড়বে।

দেশের টেক্সটাইল শিল্পে কাঁচামালের চাহিদা মেটাতে তুলার উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এ জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে। পাশাপাশি উৎপাদন ব্যয় কমানোর উপায় খুঁজে বের করার পাশাপাশি কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

তিনি পাট, আনারসের পাতা, কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ এবং এসব উপাদান ব্যবহার করে সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়েও গবেষণা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের উন্নয়নে বুটেক্সের ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, বিসিএস (টেক্সটাইল) নামে পৃথক ক্যাডার চালু, বাজেট বাড়ানো এবং ঢাকার পূর্বাচলে বুটেক্সের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন দাবি ও প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।

প্রতিনিধিদলের বক্তব্য শুনে রাষ্ট্রপতি উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। একই সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সাক্ষাৎকালে বুটেক্সের উপাচার্য আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলর’ হিসেবে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অব টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. লামইয়া জাহির।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।