যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি (সাবেক র‌্যাব) ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক দমনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির জন্য পরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর নির্মাণের দীর্ঘদিনের প্রত্যাশা এবার বাস্তবায়নের পথে। গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে সদর দপ্তর নির্মাণের জন্য ৩.৪২৮ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে।

তিনি জানান, বর্তমানে খিলগাঁওয়ের সীমিত পরিসরের জায়গা থেকে আনসার সদর দপ্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। জায়গার সংকট ও যাতায়াতের সীমাবদ্ধতা দূর করতে নতুন স্থানে আধুনিক ও বৃহৎ অবকাঠামো নির্মাণ করা হবে।

আনসার বাহিনীর জনবল সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। পাশাপাশি ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটি দেশের সবচেয়ে বড় বাহিনী।

কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকট মোকাবিলায় ডরমেটরি ও ব্যারাক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ জন্য ঢাকার আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরি করা হচ্ছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তাদের আর্থিক ও অন্যান্য পর্যায়ের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথাও জানান।

বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্বে অবহেলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের শুধু প্রত্যাহার করা হচ্ছে না; বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ফৌজদারি মামলাও করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ সময়ে কোনো অপশক্তি যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

ঢাকার যানজট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরছে।

এ ছাড়া সড়ক খনন ও নির্মাণকাজের কারণে যানজট কমাতে পুরো রাস্তা একসঙ্গে না কেটে ধাপে ধাপে কাজ শেষ করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।