দেশে হাম পরিস্থিতিতে উদ্বেগজনক চিত্র অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গযুক্ত ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম উপসর্গে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জন।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫১ জন। ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১০৪ জন।





