দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০১ জনের।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায়, একজন চট্টগ্রামে এবং একজন সিলেট বিভাগে মারা গেছেন।
এদিকে একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ শনাক্ত হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১০ এপ্রিল থেকে দেশে মোট ২১ হাজার ৩৯২ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪৫১ জন। এরপর সিলেট বিভাগে ১৭৭ জন, চট্টগ্রামে ৮৪ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৬০ জন, ময়মনসিংহে ৭৯ জন, খুলনায় ৪৪ জন এবং রংপুর বিভাগে ১৫ জন মারা গেছেন।





