বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য বিনিময় এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন।
২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস।
বৈঠকে কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইনমন্ত্রী। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা দেওয়া এবং দেশটির অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদান রাখার সুযোগ দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি ধন্যবাদ জানান তিনি।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই মন্ত্রী। বিশেষ করে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের জন্য উষ্ণ আতিথেয়তা এবং চমৎকার ব্যবস্থাপনার জন্য দেশটির বিচারমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান আইনমন্ত্রী।





