দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়াল সরকার

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়াল সরকার
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়াল সরকার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকছে। একই সঙ্গে দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের জন্য অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে।

সরকারের চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে সাধারণ ছুটি। ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস থাকার কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিনও সরকারি ছুটি ঘোষণা করেছেন।

এর পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির দিনে সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে নির্দিষ্ট শাখা বা বিশেষ সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলোও সাধারণত চালু থাকবে।

অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহসহ জরুরি সেবায় নিয়োজিতদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। গণমাধ্যমসহ প্রয়োজনীয় কিছু প্রতিষ্ঠানেও ছুটির সময়ে কর্মীদের দায়িত্বে থাকতে হতে পারে।

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি হিন্দুধর্মাবলম্বীদের উৎসব উদ্‌যাপনের সুযোগ আরও বাড়াবে।

এবার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের জন্য অনুদানও বাড়ানো হয়েছে।

দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর কাছে চার কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় এ খাতে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ চাহিদার তুলনায় এক কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা চেয়েছিল। এ খাতেও বিশেষ বিবেচনায় তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে অনুদান দেওয়া হয়। এবার সেই বরাদ্দ এক কোটি টাকা বাড়ানো হয়েছে। একইভাবে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্যও চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।