নদীভাঙন রোধে স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি প্রকল্পের সুপারিশ

নদীভাঙন রোধে স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি প্রকল্পের সুপারিশ
নদীভাঙন রোধে স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি প্রকল্পের সুপারিশ

নদীভাঙন রোধ ও নদী ব্যবস্থাপনায় বারবার স্বল্পমেয়াদি প্রকল্প নেওয়ার পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। একই সঙ্গে নদী, খাল ও জলাধার খনন বা পুনঃখননের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার পৃথক উদ্যোগের বদলে সমন্বিত নীতিমালার আওতায় কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির তৃতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সভায় পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

বৈঠকে নদী শাসনে আধুনিক প্রযুক্তি এবং গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পলি ব্যবস্থাপনা, নিয়মিত ও ক্যাপিটাল ড্রেজিংয়ের কার্যকারিতা যাচাই এবং নদীর নাব্যতা ধরে রাখতে সমন্বিত কৌশল গ্রহণের আহ্বান জানানো হয়।

পরিবেশ সুরক্ষার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমাতে সংকটাপন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপনের পরিমাণ সীমিত করা, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো এবং পানি পুনর্ব্যবহারের নীতি কার্যকর করার ওপর জোর দেওয়া হয়।

দীর্ঘদিনের জলাবদ্ধতা, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন সমস্যা নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জন্য একটি কার্যকর ও টেকসই মাস্টারপ্ল্যান প্রণয়নের তাগিদ দিয়েছে কমিটি।

এ ছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়। সংস্থাটির জমে থাকা পাঁচ হাজারের বেশি অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত করতে বছরের শুরুতেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংসদীয় কমিটির সদস্যরা।

বৈঠকে নদী, খাল ও জলাধার খনন বা পুনঃখননের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার বিচ্ছিন্ন কার্যক্রমের পরিবর্তে একটি সমন্বিত নীতিমালার আওতায় পরিকল্পনা ও বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ সময় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বজায় রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বৈঠকে ঐকমত্য প্রকাশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মোহাম্মদ কামাল হোসেনসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।