স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগের প্রত্যাশা

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগের প্রত্যাশা
ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগের প্রত্যাশা

দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও সক্ষম, দক্ষ ও কার্যকর করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশার কথা জানান। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্টদের জন্য যৌথ প্রশিক্ষণ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির কারিগরি ও অন্যান্য সহযোগিতার বিষয়ও বৈঠকে গুরুত্ব পায়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জনগণের কাছে দ্রুত ও কার্যকরভাবে সরকারি সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরিতে ইউএনডিপির কারিগরি অভিজ্ঞতা সরকারের বিভিন্ন উদ্যোগকে আরও কার্যকর করতে সহায়ক হতে পারে।

তিনি বলেন, শক্তিশালী ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা দেশের সামগ্রিক উন্নয়ন এবং এসডিজি বাস্তবায়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে স্থানীয় সরকার খাতে আরও কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রস্তুতি এবং দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। ইউএনডিপির সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা সম্ভব হলে স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার আসাদুজ্জামান ও আনোয়ারুল হক, আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রধানাং এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।