‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’-এ অংশ নিতে তুরস্কের ইস্তান্বুলে পৌঁছেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে তিনি ইস্তান্বুলে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তুরস্কের বিচার মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার সেদাত আয়্যিলদিজ।
সামিটে অংশ নিতে তুরস্কে আসা সিরিয়ার বিচারমন্ত্রী মাজহার আল-ওয়াইসের সঙ্গেও বিমানবন্দরে সাক্ষাৎ হয় আইনমন্ত্রীর। এ সময় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
আলোচনায় বাংলাদেশ ও সিরিয়ার জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্ববোধের বিষয়টি গুরুত্ব পায়।
‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’ আগামী ৮ ও ৯ অক্টোবর তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনবিদসহ বিচার ও আইনসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
সামিটে আন্তর্জাতিক বিচারব্যবস্থা, ন্যায়বিচার, আইনের শাসন এবং বিচারিক ক্ষেত্রে বিভিন্ন দেশের পারস্পরিক সহযোগিতাসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামীকাল (৮ অক্টোবর) সামিটের উদ্বোধনী অধিবেশনে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।





