সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বাড়ানো এবং সাধারণ মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর আকুয়া সারিন্দা সাফারি রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী জানান, ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। সেখানে সাংবাদিকদের জন্য পেশাগত বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ সেখানে বিনোদনের সুযোগ পাবেন।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষার্থীরাই একদিন বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে। তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নকল বন্ধ করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে পরীক্ষায় মেধার ভিত্তিতে স্বচ্ছ ফলাফল নিশ্চিত করা হবে। কোনো ধরনের কারচুপি বা নকলের সুযোগ থাকবে না। প্রধানমন্ত্রীর সূচিত উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য নেতৃত্ব তৈরি হতে পারে। এ জন্য এখন থেকেই সততা ও নিষ্ঠার সঙ্গে সঠিক পথে এগিয়ে যেতে হবে।
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। প্রয়োজনে বিষয়টি আবারও মন্ত্রিসভায় উত্থাপন করবেন।
যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিভাগের ৩৩ জন সংসদ সদস্যের স্বাক্ষরসংবলিত ডিও লেটার নেওয়া হয়েছে। প্রকল্পের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, শিগগিরই সড়কটির উন্নয়নকাজ শুরু হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এবং ডিআইজি মোহাম্মদ জাহেদুল ইসলাম।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





