নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার – স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের তীব্র নগরায়নের বাস্তবতায় নগর স্বাস্থ্যসেবাকে সুসংহত করে জাতীয় স্বাস্থ্য কাঠামোর মূলধারায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিএসও ফোরাম আয়োজিত ‘টেকসই এসআরএইচআর ইকোসিস্টেম’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, “নগর স্বাস্থ্যসেবাকে জাতীয় কাঠামোর বাইরে রেখে একটি টেকসই সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। স্বাধীনতার সময় দেশের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ নগরে বাস করত, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ শতাংশে এবং ২০৫০ সালের মধ্যে তা ৫০ শতাংশ ছুঁতে পারে।

এতদিন মূলত সিটি করপোরেশন, পৌরসভা ও এনজিওর ওপর নির্ভরশীল থাকলেও এখন সরকারের প্রত্যক্ষ অধীনে একটি দীর্ঘমেয়াদি পূর্ণাঙ্গ ও টেকসই নগর স্বাস্থ্য কাঠামো তৈরি করা হচ্ছে।”

প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে নগর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করবে। বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ রূপরেখা প্রণয়ন করা হচ্ছে।

তৃণমূল পর্যায়সহ শহরাঞ্চলে প্রান্তিক সেবাদান জোরদারে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের একটি মেগা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বর্তমানে কর্মরত ৪০ হাজার কর্মীর সঙ্গে এই নতুন জনবলকে আধুনিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

নিয়োগপ্রাপ্ত এসব ‘কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং’ কর্মীদের হাতে অত্যাধুনিক ডিজিটাল অ্যাপস ও স্বয়ংক্রিয় আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

নগরের নিম্নআয়ের শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুবিধা বিবেচনা করে বিশেষ ‘সান্ধ্যকালীন ক্লিনিক’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, ভাসমান জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে প্রতি ৫০ হাজার থেকে এক লাখ মানুষের জন্য পৃথক ক্যাচমেন্ট এলাকা ভাগ করে সেবা নিশ্চিত করা হবে। এই জনবান্ধব রূপরেখা আগামী ২০ থেকে ৩০ বছরের জন্য দেশের নগর স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও সিএসও ফোরামের আহ্বায়ক ডা. সায়েদ রুবাইয়েতের সঞ্চালনায় জাতীয় এই সেমিনারে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিনাত রেহানা বক্তব্য দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।